গাছ কেটে গোড়ায় পানি ঢালছে বিসিবি! ফারুকের উপর চরমভাবে ক্ষেপলেন আশরাফুল
প্রতিবার আইসিসি ইভেন্ট এলেই আক্ষেপ থাকে পর্যাপ্ত প্রস্তুতি নিতে না পারার। ব্যতিক্রম হলো না এবারও। দুই মাসের মতো টি-টোয়েন্টি ফরম্যাটের বিপিএল খেলে টাইগাররা গিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সেখানে প্রস্তুতি ম্যাচ থেকে শুরু করে মূল ম্যাচ- জয় ধরা দিচ্ছে না কোথাওই।
বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল মনে করেন, প্রস্তুতির ঘাটতির কারণেই টাইগাররা আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি। আর এজন্য খেলোয়াড়দের নয়, বোর্ডকেই দোষারোপ করছেন তিনি।
তিনি বলেন, 'খেলোয়াড়দের দোষ দিতে পারবেন না। কোনো প্রস্তুতি ছাড়া আপনি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গিয়েছেন। ৫০ ওভারের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গিয়েছেন দুই মাস ১২০ বলের খেলা খেলে। এত সহজ না। যদিও তারা পেশাদার ক্রিকেটার। তারপরও ঐ মানের খেলোয়াড় আমাদের তৈরি হয়নি যে তিন ফরম্যাটেই মানিয়ে নেবে।'
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যে ধরনের প্রস্তুতি প্রয়োজন, বোর্ড খেলোয়াড়দের সেই সুযোগ করে দিতে পারেনি বলেই অভিমত আশরাফুলের, 'খেলোয়াড়দের কোনো দোষ দেওয়া যাবে না। আমাদের প্রস্তুতিতে গলদ ছিল। যারা ম্যানেজমেন্টে আছেন, তাদের আরও ভালোভাবে ভাবতে হবে। বিশেষ করে আইসিসি ইভেন্টে ভালো প্রস্তুতি নিয়ে যেতে হবে। আমরা ছাড়া বাকি সবাই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়ানডে সিরিজ খেলেছে। ঐ প্রস্তুতি আমরা নিতে পারিনি। আইসিসি ইভেন্ট তো হঠাৎ করে হয় না। আমরা জানি কখন হবে। অনেক আগে থেকেই জানা থাকে। সেভাবে প্রস্তুতি নিলে ভালো হত। প্রতিবারই আমাদের প্রস্তুতিতে গলদ থাকে।'
আশরাফুল অবশ্য খেলোয়াড়দের দায় একেবারে উড়িয়ে দিচ্ছেন না। ক্রিকেটারদের প্র্যাকটিস ইনটেনসিটি বাড়ানোর মাধ্যমে নিজেদের স্কিল আরও বৃদ্ধি করা সম্ভব বলেও মনে করেন রংপুর রাইডার্সকে গ্লোবাল সুপার লিগ জেতানো বর্তমান এই কোচ।
তার ভাষায়, 'আমরা কোয়ালিটি বোলিং খেলে অভ্যস্ত না। যেহেতু আমি কোচিং লাইনে এসেছি এবং কাজ করছি, আমার কাছে মনে হয় আমাদের খেলোয়াড়রা খুব স্বাচ্ছন্দ্যে প্র্যাকটিস করতে পছন্দ করে। আন্তর্জাতিক ক্রিকেটে সফল হতে হলে প্রচুর কঠোর পরিশ্রম করতে হবে। আমাদের খেলোয়াড়দের প্র্যাকটিস সেশনগুলো দেখবেন- শুধু আন্ডার আর্ম ফুলটস বল দিচ্ছি, সেই বল ড্রাইভ করছি, আত্মবিশ্বাস নিচ্ছি। ম্যাচে কিন্তু আন্ডার আর্ম বল আসবে না। ম্যাচে ১৫০ কিলোমিটারের বল আসছে, বাউন্সার আসছে, হার্ড লাইনে বল আসছে। আমার মনে হয় ভবিষ্যতে আমাদের ট্রেনিং সেশন ভিন্ন করা উচিৎ।'
তবে আশরাফুলের আশা, ভবিষ্যতে আইসিসি ইভেন্টের প্রস্তুতির দিকে গুরুত্ব দিবে বিসিবি। যে ফরম্যাটের আইসিসি ইভেন্ট, সেই ফরম্যাটেই হবে ম্যাচ প্র্যাকটিস, 'খেলোয়াড়দের পারফরম্যান্সে আমি হতাশ না। এ কারণে- তারা ভালো প্রস্তুতি নিয়ে যেতে পারিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে যে প্রস্তুতি দরকার ছিল সেই প্রস্তুতি তারা নেয়নি। এটা তাদের দোষ দিব না, আমাদের যারা বোর্ডের এই জায়গায় কাজ করেন… প্রত্যেক আইসিসি ইভেন্টের আগে তারা এমন এমন কাজ করেন যার কারণে আমাদের পারফরম্যান্স ভালো হয় না। আরেকটা ম্যাচ আছে, এটা খেলে আসার পর আশা করব তারা এই বিষয়গুলো নিয়ে বসবেন এবং ভালোমতো কাজ করবেন। যখন যে ফরম্যাটে আইসিসি ইভেন্ট খেলতে যাব, সেই ফরম্যাটের প্রস্তুতি যেন ভালোমতো নিয়ে যাই।'

Comments
Post a Comment