চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল নিয়ে ভবিষ্যৎবাণী করলো ডি ভিলিয়ার্স
দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ইতোমধ্যে বাংলাদেশ ছেড়েছে টাইগারদের বহর। ৮ দলের টুর্নামেন্টে বাংলাদেশের লড়াইটা দুই এশিয়ান জায়ান্ট ভারত, পাকিস্তানের পাশাপাশি আইসিসির ইভেন্টে ধারাবাহিক দল নিউজিল্যান্ডের সাথে।
এত শক্তিশালী দল টপকে বাংলাদেশের সেমিফাইনালে খেলার আশাটা কিছুটা বাড়াবাড়িই। দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্সও মানছেন বাস্তবতা। বাংলাদেশকে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে দেখছেন না তিনি। তবে টুর্নামেন্টে আপসেট ঘটানোর সামর্থ্য বাংলাদেশের রয়েছে বলে মনে করেন ডি ভিলিয়ার্স। ভারত, পাকিস্তান বা নিউজিল্যান্ডের মত যেকোনো একটি বড় দলকে হারিয়ে দিতে পারে বাংলাদেশ, বিশ্বাস ডি ভিলিয়ার্সের।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে বাংলাদেশের স্কোয়াড সম্পর্কে কথা বলতে গিয়ে ডি ভিলিয়ার্স বলেন, ‘বাংলাদেশের নেতৃত্বে রয়েছে নাজমুল হোসেন শান্ত। সে দারুণ ধারাবাহিক। এ কারণেই বাংলাদেশিরা তাকে অধিনায়ক হিসেবে পেয়ে খুশি হবে। সামনে থেকে নেতৃত্ব দিতে পারে। মুশফিকুর রহিম দারুণ একজন অভিজ্ঞ ক্রিকেটার। বেশ ব্যালেন্সড একটি দল। দারুণ দল। তবে আমি মনে করি না এটি টুর্নামেন্ট জেতার মত কোনো দল। কিছুটা হার্শ শোনাতে পারে।’
ট্রফি জেতার সামর্থ্য না থাকলেও টুর্নামেন্টে বাংলাদেশের আপসেট ঘটানোর সামর্থ আছে বলে মনে করেন ডি ভিলিয়ার্স। তিনি বলেন, ‘তবে তাদের সামর্থ্য আছে আপসেট (অঘটন) ঘটানোর। তাসকিন আহমেদ আছে দারুণ ডানহাতি পেসার। মেহেদী হাসান মিরাজও দারুণ অলরাউন্ডার। মাহমুদউল্লাহ দারুণ একজন ক্রিকেটার, তার খেলা দেখতে আমার বেশ ভালো লাগে। আমার মনে হয় না তারা নক আউটে যেতে পারবে। বাংলাদেশি সমর্থকরা আমার এই কথার জন্য আমাকে ঘৃণা করতে পারেন। আমি দুঃখিত। আমার মনে হয় না তারা নক আউটে যেতে পারবে। তবে তাদের সামর্থ্য আছে আপসেট ঘটানোর, কোনো একটি বড় দলকে হারিয়ে দেওয়ার। এটাই সততা। তারা ভালো দল, তবে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার মত দল এটি নয়, আমার মতে। বাংলাদেশকে এই টুর্নামেন্টের জন্য শুভকামনা।’
বাংলাদেশের পাশাপাশি আফগানিস্তানের মাঝেও আপসেট ঘটানোর সামর্থ্য দেখেন ডি ভিলিয়ার্স। পরে বলেছেন, দুই দলের মধ্যে যেকোনো এক দলও যদি সেমিফাইনালে যেতে পারে তাহলে তা ক্রিকেটের জন্যই ভালো।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘এ’ গ্রুপে লড়বে বাংলাদেশ। সঙ্গী ভারত, পাকিস্তান এবং নিউজিল্যান্ড। আগামী ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান।
.jpg)
Comments
Post a Comment