৫০ ওভারে ৪২২ রানের নতুন রেকর্ড ডিপিএলে
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ১৭৬ রানের বিশাল ইনিংস খেলেছেন নাঈম শেখ। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৪২২ রানের বিশাল পুঁজি দাঁড় করিয়েছে প্রাইম ব্যাংক। নাঈম খেলেছেন ১২৫ বলে ১৭৬ রানের ইনিংস।
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে প্রাইম ব্যাংককে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ব্রাদার্স। দুই ওপেনার নাঈম শেখ এবং সাব্বির হোসেনের ব্যাটে ভালো শুরু পায় প্রাইম ব্যাংক। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে এগিয়েছে প্রাইম ব্যাংকের ইনিংস। উদ্বোধনী জুটি থেকে এসেছে ১৪০ রান। ফিফটি পেয়েছেন দুজনই। আগ্রাসী ব্যাটিংয়ে ৬৩ বলে ৭৩ রানের ইনিংস খেলে বিদায় নেন সাব্বির হোসেন।
এরপর নাঈমের সাথে যোগ দেন জাকির হাসান। দারুণ সাবলীল ব্যাটিংয়ে এগোতে থাকেন নাঈম শেখ। ছুটছিলেন সেঞ্চুরির দিকে। দারুণ বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে শতকটা ছুঁয়ে ফেলেন নাঈম। অধিনায়ক জাকির দলের ২২৬ রানের মাথায় আউট হয়েছেন, খেলেছেন ২৯ বলে ২৬ রানের ইনিংস। এরপর শাহাদাত হোসেন দিপু সুবিধা করতে পারেননি। ৭ বলে ৩ রান করে বিদায় নেন দিপু।
এরপর শামীম হোসেন পাটোয়ারী ক্রিজে এসে খেলেছেন ৮ বলে ১৬ রানের ক্যামিও ইনিংস। অন্যদিকে নাঈম শেখ ১৫০ পেরিয়ে যান। দোর্দন্ড প্রতাপে ছুটতে থাকেন ডাবল সেঞ্চুরির দিকে। মনে হচ্ছিল, ডাবলটা বুঝি পেয়েই যাবেন। তবে শেষমেশ তা আর হয়নি। ১২৫ বলে ১৭৬ রানের অসাধারণ এক ইনিংস খেলে দলের ৩১০ রানের মাথায় বিদায় নেন নাঈম।
শেষ দিকে ভালো একটি জুটি গড়েন আব্দুল্লাহ আল মামুন এবং সাজ্জাদুল হক রিপন। ২২ বলে ৪০ রান করেন মামুল। রিপন ৩৭ বলে ৫০ রান করে অপরাজিত ছিলেন। এছাড়া ৮ বলে ১৭ রানের ক্যামিও ইনিংস খেলেন রিশাদ হোসেন। নির্ধারিত ৫০ ওভারের খেলা শেষে ৮ উইকেট হারিয়ে ৪২২ রানের বিশাল পুঁজি দাঁড় করায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
ব্রাদার্সের হয়ে ৩ উইকেট নিয়েছেন আল-আমিন হোসেন।

Comments
Post a Comment