২০৩ ম্যাচ খেলে মোট কয়টি গোল করেছেন হামজা চৌধুরি



বাংলাদেশের ফুটবলাঙ্গন এখন হামজা চৌধুরীময়। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতাসম্পন্ন এই ফুটবলার প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় ফুটবল দলে ডাক পেয়েছেন। আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে তাঁর অভিষেকও হতে চলেছে।

ম্যাচটি খেলার জন্য হামজা সোমবার দেশের মাটিতে পা রাখার দিন থেকেই তাঁকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস-উদ্দীপনা তুঙ্গে। হামজাকে ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা কৌতূহলী করে তুলছে অন্যদেরও।

হামজার ফুটবলে বেড়ে ওঠা লেস্টার সিটি একাডেমিতে। ৭ বছর বয়সে একাডেমিতে ভর্তি হওয়া হামজা পেশাদার ফুটবলে প্রথম ম্যাচ খেলেন বার্টন আলবিয়নের হয়ে। ২০১৬ সালে লেস্টার সিটি তাঁকে ধারে পাঠিয়েছিল লিগ ওয়ানের ক্লাবটিতে। ইংল্যান্ডের ক্লাব ফুটবল কাঠামোয় লিগ ওয়ান তৃতীয় স্তরের প্রতিযোগিতা। তবে পরের বছরই লেস্টার সিটি হামজাকে দলে ফিরিয়ে আনে। ২০১৭ সালের সেপ্টেম্বরে লিগ কাপে লিভারপুলের বিপক্ষে বদলি নেমে লেস্টার সিটির মূল দলে অভিষেক হয় হামজার।

ইংলিশ প্রিমিয়ার লিগে হামজার অভিষেক হয় ২০১৭ সালের ২৮ নভেম্বর টটেনহামের বিপক্ষে ম্যাচ দিয়ে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্লাব প্রতিযোগিতাটিতে এখন পর্যন্ত ৬ মৌসুমে মাঠে নেমেছেন হামজা। সবই লেস্টার সিটির হয়ে। এ ছাড়া চলতি ২০২৪-২৫সহ ৪ মৌসুম অংশ নিয়েছেন চ্যাম্পিয়নশিপে, ইংল্যান্ডের ফুটবলে যা দ্বিতীয় স্তরের প্রতিযোগিতা। পেশাদার ক্যারিয়ারের পুরো সময় ধরে হামজা লেস্টার সিটির খেলোয়াড়। তবে আরও তিনটি দলের জার্সি গায়ে উঠেছে তাঁর। অ্যালবিয়ন (২০১৬-১৭), ওয়াটফোর্ড (২০২২-২৩) এবং বর্তমান দল শেফিল্ড ইউনাইটেডে (২০২৪-২৫) হামজার সংযুক্তি ধারের খেলোয়াড়ের হিসেবে।

পেশাদার ক্লাব ফুটবলে লিগ, এফএ কাপ, লিগ কাপ , উয়েফা ইউরোপা লিগ এবং উয়েফা কনফারেন্স লিগ মিলিয়ে এখন পর্যন্ত মোট ২০৩টি ম্যাচ খেলেছেন হামজা। এর মধ্যে ২০২১ সালে লেস্টারের হয়ে জিতেছেন এফএ কাপ। গোল করেছেন দুটি।  রক্ষণ ভাগে খেলেন বলে হামজার পারফরম্যান্স মূল্যায়নে অবশ্য গোল মুখ্য নয়। মাঠের ভূমিকা অনুসারে পাসিং, ট্যাকল, গ্রাউন্ড ডুয়েলের মতো দিকগুলো প্রধান মানদণ্ড। পরিসংখ্যান বলছে, ২০২৪-২৫ মৌসুমে শেফিল্ড ইউনাইটেডের জার্সিতে ৮০% এবং লেস্টার সিটির জার্সিতে ৮৯% পাস সঠিকভাবে দিয়েছেন হামজা। এ ছাড়া ৬১ শতাংশ ট্যাকল, ৬৩ শতাংশ গ্রাউন্ড ডুয়েল এবং ৪৭ শতাংশ এরিয়াল ডুয়েল জয় আছে তাঁর।

Comments

Popular posts from this blog

৯২ মিনিটে ফাহিমকে স্লাইড ট্যাকেল, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে

৪৭ বলে ৭৩ রান করা তামিমকে নিয়ে যা বললেন শ্রীলঙ্কার কোচ সানাথ জয়াসুরিয়া