মাত্র ৪৬ রানেই ৭ উইকেট তুলে নিলো বাংলাদেশ
নিক ওয়েলচ হয়ত ড্রেসিংরুমে বসে আফসোস করছেন এখন। চট্টগ্রামের প্রচণ্ড গরমে নাজেহাল হয়ে ওয়েলচ মাঠ ছাড়ার পরেই তো পথ হারাল জিম্বাবুয়ে। ১৭৭ রানের পর মাত্র ৪৬ তুলতে জিম্বাবুয়ে হারিয়েছে ৭টি উইকেট। নাঈম হাসান পরপর দুই ওভারে দুই উইকেট শিকারের পর জ্বলে উঠেছেন তাইজুল ইসলামও।
সোমবার (২৮ এপ্রিল) চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের তৃতীয় সেশনে জ্বলে উঠেছেন বাংলাদেশের বোলাররা। এই সেশনে জিবাবুয়ের ৫টি উইকেট শিকার করেছেন দুই টাইগার স্পিনার তাইজুল ইসলাম ও নাঈম হাসান।
১৬২ রানের মাথায় ক্রাম্পিংয়ের কারণে ওয়েলচ মাঠ ছেড়ে যাওয়ার পরই পথ হারায় জিম্বাবুয়ে। ক্রিজে আসা নতুন ব্যাটার ক্রেগ আরভিন ৩১ বলে ৫ রান করে নাঈমের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন। ১৭৭ রানে তৃতীয় উইকেট হারায় সফরকারীরা।
ওয়েলচের সঙ্গে ৯০ রানের জুটি ভাঙার পর অধিনায়ক আরভিনের বিদায়ের ধাক্কা সামলাতে পারেননি শন উইলিয়ামস। নাঈমের পরের ওভারে তানজিম সাকিব দুর্দান্ত এক ক্যাচ নিয়ে ফেরান তাকে। ১৬৬ বলে ৭ চার ও ১ ছক্কায় ৬৭ রান করে সাজঘরে ফেরেন উইলিয়ামস।
ঠিক ২০০ রানের মাথায় মাধেভেরেও আউট হয়ে যান। তাইজুল ইসলামের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ৩২ বলে ১৫ রান করা মাধেভেরে। এক ওভার পরে বল হাতে ফিরে পরপর দুই বলে দুই উইকেট শিকার করেন তাইজুল। চতুর্থ বলে ফেরান ৬ রান করা ওয়েলিংটন মাসাকাদজাকে। পরের বলে এনগারাভাও বোল্ড হয়ে যান।

Comments
Post a Comment