নতুন নিয়মের কারণে আইপিএলে খেলতে যাচ্ছেন নাহিদ রানা ও জাকের আলি অনিক
ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্হিতিতে স্থগিত হয়েছিল আইপিএল। তবে যুদ্ধবিরতি পর আবার মাঠে গড়ানোর পথে এই টুর্নামেন্ট। তবে অনেক ক্রিকেটারকে পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এ বিষয়ে নিয়মে পরিবর্তনের কথা জানাল আইপিএল কর্তৃপক্ষ।
আগের সূচিতে আইপিএলের ফাইনাল হওয়ার কথা ছিল ২৫ মে। তবে পরিবর্তিত সূচিতে তা মাঠে গড়াবে ৩ জুন। ফলে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজিই বিদেশি প্লেয়ারদের নিয়ে সমস্যায় পড়েছে। আন্তর্জাতিক সূচির পাশাপাশি অনেকেই দেশে ফিরে গেছেন। ফলে তাদের ফেরত আসা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
অন্যদিকে জুনের ১১ তারিখ শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। এ ছাড়া ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ দ্বিপাক্ষিক সিরিজ খেলবে। ফলে অনেক ক্রিকেটারের থাকাই অনিশ্চিত। কেউ কেউ আবার লিগ পর্বে খেললেও প্লে-অফে নাও খেলতে পারেন। আবার অনেকে দেশে ফিরে যাওয়ায় আর আসতে নারাজ। এমন পরিস্থিতিতে নতুন নিয়ম আনল বোর্ড।
ফ্র্যাঞ্চাইজিগুলোকে ই-মেইলে আইপিএলের সিওও হিমাং বলেন, " যেহেতু আন্তর্জাতিক ক্রিকেট, ব্যক্তিগত কারণ বা অসুস্হতার কারণে ক্রিকেটাররা অ্যাভেইললেবেল না তাই টুর্নামেন্ট শেষ না হওয়া পর্যন্ত তাদের সাময়িক বদলি নেওয়া যাবে। তবে তাদেরকে আগামী আসরের জন্য ধরে রাখা যাবে না। বদলি হিসেবে দল পাওয়া খেলোয়াড়দের ২০২৬ আসরের জন্য নিলামে নাম নিবন্ধন করতে হবে।"
এ বিষয়ে তিনি আরো বলেন, "আপনারা জানেন যে, আইপিএলের খেলোয়াড় নীতিমালা ২০২৫-২৭ এর বিধিমালা ৬.১(খ) এর অধীনে, যদি কোনও খেলোয়াড় আহত বা অসুস্থ হয় তবে তাকে প্রতিস্থাপনের অনুমতি দেওয়া হয়, যদি সেই আঘাত বা অসুস্থতা মরশুমে সংশ্লিষ্ট দলের দ্বাদশ লিগ ম্যাচের সময় বা তার আগে ঘটে। তবে বর্তমান পরিস্থিতিতে, যেখানে আমাদের আইপিএল ২০২৫ সাময়িকভাবে স্থগিত করতে হয়েছিল। যার ফলে এটি পূর্বনির্ধারিত তারিখ ২৫ মে, ২০২৫ এর পরে সম্পন্ন হবে তাই আমরা খেলোয়াড় বদলির নিয়মগুলো পুনর্মূল্যায়ন করেছি।"
আইপিএলের বাকি অংশ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক। এই অজি ব্যাটারের বদলি হিসেবে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে দিল্লী ক্যাপিটালস। সাময়িক বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে তাকে। বিসিসিআই জানিয়েছে, " ব্যক্তিগত কারণে আইপিএলের বাকি অংশে খেলবেন না জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক।" তাছাড়া বিদেশি ক্রিকেটারের সংকটের কারণে বাংলাদেশ থেকে নাহিদ রানা ও জাকের আলি অনিককে দলে নিতে যোগাযোগ করা হয়েছে বলেও জানা গিয়েছে।

Comments
Post a Comment